Radiant Fish World, Coxbazar
Radiant Fish World, Coxbazar
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, কক্সবাজার
সমুদ্র নিচের আশ্চর্য জীবন আর রহস্যময় প্রকৃতি ভূপৃষ্ঠের থেকেও বেশি বৈচিত্র্যময়। উন্নত বিশ্বে এই বর্ণিল রাজত্ব দেখার নানা মাধ্যম থাকলেও আমাদের দেশে আগে তেমন সুবিধে ছিলো না। সমুদ্র ও মিঠা পানির বিস্ময়কর এই জলজীবন মানুষের সামনে তুলে ধরতে ও তাদের আগ্রহ মেটাতে কক্সবাজারে তৈরি হয়েছে বাংলাদেশের প্রথম ও একমাত্র মেরিন ফিশ একুরিয়াম।পর্যটন নগরী কক্সবাজারের ঝাউতলায় নির্মিত হয়েছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। বেসরকারিভাবে নির্মিত এই দৃষ্টিনন্দন ও ব্যয়বহুল একুরিয়ামটি সামুদ্রিক জলজ জীবন ও এর নানা জীব বৈচিত্র্যের সমাহার নিয়ে সাজানো। মাটির নিচে থাকা এই ওভাল শেপের কাঁচের তৈরি একুরিয়ামের মাঝখান দিয়ে গুহার মতো রাস্তা তৈরি করা হয়েছে।
ডানে, বামে কিংবা উপরে যেদিকেই তাকাবেন সামুদ্রিক জীবনের নানা অজানা অচেনা দিক আপনার সামনে রয়েছে। আছে নানা রকম শৈবাল, প্রবাল ও ৫০-৬০ প্রজাতির মাছ ও সামুদ্রিক প্রাণী। আছে বিরল প্রজাতির কচ্ছপ ও বিভিন্ন আকারের সামুদ্রিক মাছ। মনে হবে যেনো একেবারে সমুদ্রের তলদেশেই আছে আপনি।
ঝলমলে আলো, নানা রকম শিল্পকর্ম দিয়ে সাজানো এই একুরিয়ামটি শতাধিক ছোট বড় একুরিয়াম নিয়ে গঠিত। সাগর তলের বাস্তব এক প্রতিচ্ছবি দেখতে পাবেন এখানে। বিলুপ্তপ্রায় বিভিন্ন প্রজাতির মাছ নিয়েও আছে ফিশ মিউজিয়াম।
বঙ্গোপসাগরের বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছও সংরক্ষণ রয়েছে এখানে। আছে সামুদ্রিক শৈল মাছ, হাঙ্গর, পিতম্বরী, আউস, শাপলা পাতা, সাগর কুচিয়া, বোল, পানপাতা, বোল, পাঙ্গাশ, চাওয়া, কাছিম, কাঁকড়া, জেলি ফিসসহ অর্ধশতাধিক প্রজাতির মাছ।
এই বিশাল একুরিয়াম ঘুরে ঘুরে দেখতে নিমিষেই দু তিন ঘণ্টা সময় চলে যাবে। এই পুরো সেন্টারটিকে ৮ টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে আছে থ্রি-নাইন ডি মুভি দেখার নান্দনিক স্পেস, দেশী-বিদেশী নানা প্রজাতির পাখি, ছবি তোলার ডিজিটাল কালার ল্যাব, লাইভ ফিশ রেস্টুরেন্ট, প্রার্থনা কক্ষ, শিশুদের জন্য খেলাধুলার জোন, বিয়ে বা পার্টির করার কনফারেন্স হল ও ছাদে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার সুবিধা। চাইলে ছাদে বারবিকিউ’র আয়োজন ও করতে পারেন। দর্শনার্থীদের সুবিধের জন্য আছে পার্কিং এবং লাগেজ রাখার লকার সুবিধা। দেশি পর্যটকদের পাশাপাশি বিদেশি অনেক পর্যটকও এখানে নিয়মিত ভিড় করেন।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড প্রবেশ মূল্য
একুরিয়াম কমপ্লেক্স রক্ষণাবেক্ষণের স্বার্থে বিদেশীদের জন্য ২ হাজার টাকা, দেশী পর্যটক বা স্থানীয়দের জন্য ১ হাজার টাকা প্রবেশ মূল্য হিসেবে ধার্য করা হয়েছে। তবে শিশুদের জন্য রয়েছে সুলভ মূল্যে প্রবেশের সুযোগ। সকাল ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকে এটি।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড কিভাবে যাবেন
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এ যেতে হলে আপনাকে প্রথমে পৌছাতে হবে কক্সবাজার শহরে। আশপাশের পর্যটন স্থানে ঘুরতে এসে কয়েক ঘণ্টার জন্য এখানে ভিন্ন এক জগত দেখে যেতে পারেন সহজেই। কক্সবাজারের যেকোন স্থান হতে ইজি বাইক, সি এন জি কিংবা অটোরিকশা নিয়ে সহজেই চলে আসতে পারবেন ঝাউতলা। পৌষী রেস্টুরেন্ট এর সামনের মোড় থেকে হাতের বামে গেলেই পাবেন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড গিয়ে কোথায় খাবেন
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর কমপ্ল্যাক্সেই আছে রেস্টুরেন্ট। এছাড়া স্থানীয় পৌষী ও ঝাউবন রেস্তোরাও রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন